১৮ কোটি গ্রাহকের তথ্য চুরি করা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক
আরেকটি বড় ধরণের তথ্য চুরির ঘটনায় আইনী পদক্ষেপ নিচ্ছে ফেসবুক। দ্য রেকর্ডের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, ইউক্রেনের বাসিন্দা আলেক্সান্ডার সলোনচেনকো নামের এক কর্মীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে ফেসবুকের ১৭ কোটি ৮০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।
২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত সলোনচেনকো এসব ব্যবহারকারীর তথ্য চুরি করেন। পরবর্তী বছরের ডিসেম্বরে কালোবাজারে সেইসব তথ্য বিক্রি করা শুরু করেছিলেন তিনি। সেখানে ব্যবহার করা ইউজার নেইম ইমেইল ও জব বোর্ডে ব্যবহার করার কারণে ফেসবুক সহজেই তাকে ধরে ফেলে।
সলোনচেনকো অ্যান্ড্রয়েড ডিভাইসকে নকল করতে পারা স্বয়ংক্রিয় টুল ব্যবহার করে ও ফেসবুকের মেসেঞ্জার কনট্যাক্ট ইমপোর্ট ফিচারের সুযোগ নিয়ে তথ্য হাতিয়ে নেন। ফেসবুকে ফোন নাম্বার দিলেই সাইট তখন ঐ নাম্বার ব্যবহার করে কোনো অ্যাকাউন্ট খোলা থাকলে সেটি দেখাতো। এভাবে প্রায় ১৮ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেন তিনি।
ফেসবুক জানিয়েছে, শুধু ফেসবুক নয়, অন্য লক্ষ্য যেমন ইউক্রেনের প্রথম সারির ব্যাংকের থেকেও তথ্য হাতিয়ে নিয়েছেন সলোনচেনকো।
ফেসবুক তাদের অভিযোগে এই ঘটনার জন্য সলোনচেনকোর কাছে অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছে। একইসাথে সংগৃহীত তথ্য যাতে অন্য কোথাও ব্যবহার বা বিক্রি করতে না পারে সেজন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি